শুক্রবার, ১৮ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » আমির হামজার স্বাধীনতা পুরস্কার বাতিল
আমির হামজার স্বাধীনতা পুরস্কার বাতিল

সাহিত্যে স্বাধীনতা পুরস্কারে মনোনীত হওয়া মো. আমির হামজার পুরস্কার (মরণোত্তর) বাতিল করেছে সরকার। তাকে বাদ দিয়ে শুক্রবার (১৮ মার্চ) পুরস্কারপ্রাপ্তদের সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (১৫ মার্চ) ১০ বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২২ দেওয়ার ঘোষণা দেয় সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ক্ষেত্রে পদক পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আবদুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস ও মরহুম সিরাজুল হক।
চিকিৎসাবিদ্যায় অধ্যাপক কনক কান্তি বড়ুয়া ও অধ্যাপক মো. কামরুল ইসলাম এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। সাহিত্যে মো. আমির হামজা এবং স্থাপত্যে মরহুম স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। এবার প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডব্লিউএমআরআই) এ পুরস্কার পাচ্ছে।
পুরস্কার ঘোষণার পরপরই দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে আমির হামজাকে নিয়ে খবর প্রকাশিত হয়। তিনি ১৯৭৮ সালে মো. শাহাদাত হোসেন ফকির নামের এক ব্যক্তিকে হত্যার মামলার এক নম্বর আসামি ছিলেন। ওই মামলায় যে ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তাদের মধ্যে আমির হামজা একজন।
তবে গণমাধ্যমের কাছে খুনের মামলার আসামি হওয়ার কথা স্বীকার করলেও সেই মামলায় আমির হামজার দণ্ড পাওয়ার কথা অস্বীকার করেন তার বড় ছেলে মো. আলী মর্তুজা।
আর তার অপর ছেলে খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান জানান, ৮০র দশকে তাদের এলাকায় একটি মারামারিকে কেন্দ্র করে হত্যাকাণ্ড হয়। সেখানে তার বাবাসহ এলাকার একাধিক মানুষের নামে মামলা হয়। ওই মামলায় তিনি (আমির হামজা) কয়েকবছর কারাগারে ছিলেন। পরে বেকসুর খালাস পান।
এটিকে স্থানীয় গ্রামীণ রাজনীতির এটি একটি অংশ হিসেবে দাবি করে আছাদুজ্জামান বলেন, ‘গ্রামে এ ধরনের ষড়যন্ত্রমূলক ঘটনা প্রায়ই ঘটে। কারা জীবনেও কবি আমির হামজা প্রচুর লেখালেখি করেন।’
সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পরই নড়েচড়ে বসে সরকার। পরে শুক্রবার সংশোধিত তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। যেখানে সাহিত্য ক্যাটাগরিতে আমির হামজার নাম বাদ দিয়ে বাকি ৯ ব্যক্তি এবং এক প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়েছে।
স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার।
সরকার ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ পুরস্কার দিয়ে আসছে। স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রামের স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 